Image description

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “আমরা ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন চাই না, আমরা ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ চাই। শহীদের আকাঙ্ক্ষা পূরণ ও একটি শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণের জন্য বিএনপির কাছে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।”

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজারের বীর মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কক্সবাজার-৩ আসনের ধানের শীষের প্রার্থী লুৎফর রহমান কাজলের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়।

সালাহউদ্দিন আহমদ তাঁর বক্তব্যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করা হবে। এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটানো হবে।” 

প্রতিপক্ষকে লক্ষ্য করে তিনি বলেন, “মুক্তিযোদ্ধা হত্যাকারী ও সংখ্যালঘু নির্যাতনকারীরা এখন নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা শুরু করেছে, যা অত্যন্ত হাস্যকর।”

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামবাদী বলেন, “ইনসাফের কথা বলে যারা ভোট চাচ্ছে, অথচ নিজেদের শরিক দলের সাথে আসন বণ্টনেই ইনসাফ করতে পারে না, তারা ক্ষমতায় গেলে দেশ ও জনগণের ইনসাফ রক্ষা করতে পারবে না।”

কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আরও বক্তব্য রাখেন কক্সবাজার-৩ আসনের প্রার্থী লুৎফর রহমান কাজলসহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। জনসভায় ধানের শীষের সমর্থনে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

মানবকণ্ঠ/ডিআর