Image description

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, "ধানের শীষের বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র। আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোটের সুনামি আসবে। তবে আমাদের সতর্ক থাকতে হবে; ভোটকেন্দ্র পাহারা দিতে না পারলে ‘ঘুঘু ধান খেয়ে ফেলবে’।"

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের সাতকানিয়া রাস্তার মাথাস্থ মডেল মসজিদের সামনে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের সমর্থনে এই সভার আয়োজন করা হয়।

আমির খসরু বলেন, "তারেক রহমান দেশের মানুষের জীবনমান উন্নয়নের যে পরিকল্পনা হাতে নিয়েছেন, তা থেকে কোনো মানুষ বাদ যাবে না। বিএনপি নেতাকর্মীরা অতীতে অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমরা ক্ষমতায় গেলে সাতকানিয়া ও লোহাগাড়ার উন্নয়নের সমস্ত সম্ভাবনাকে কাজে লাগাব। আমাদের শুধু জিতলে হবে না, বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়ে জনমতের প্রতিফলন ঘটাতে হবে।"

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিনের সভাপতিত্বে এবং দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন— সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, মুজিবুর রহমান চেয়ারম্যান, সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু, কেন্দ্রীয় যুবদল নেতা মাহফুজুর রহমান ও হাজী রফিক আহমদ।

পথসভায় আরও উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র নওয়াব মিয়া, জসিম উদ্দিন আবদুল্লাহ, জান্নাতুল নাঈম রিকু, লোকমান হাকিম মানিক, এম.এ রহিম এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মানবকণ্ঠ/ডিআর