Image description

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘যখন আমরা ইসলামের পক্ষে একটা বাক্স ঘোষণা করলাম, তখন মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছিল। তারা অধির আগ্রহে সময় গুনছিল। তখন ইসলামের নামে একটি দল ক্ষমতা ও স্বার্থের জন্য আমেরিকা ও ভারতের সঙ্গে গোপনে বৈঠক করে। আমরা পরিষ্কার বলছি, আমরা আমেরিকা ও ভারতের ইনসাফ নয়; আমরা মদিনা ও ইসলামের ইনসাফ দেখতে চাই।’ 

আজ রোববার ভোলার চরফ্যাসনের টিবি স্কুলমাঠে ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী কামাল উদ্দিনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে চরমোনাই পীর বলেন, ‘এখন যারা বলে, আমরা শরিয়া বাস্তবায়ন করব না, প্রচলিত আইনে দেশ চালাব। আসলে বাইরে দেখতে সুন্দর হলেও তাদের ভেতরটা মাকাল ফল। আমি ধিক্কারসহকারে বলছি, এই দেশ যখন দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল, আপনারাও ইসলামের সাইনবোর্ড লাগিয়ে সেই দুর্নীতিবাজদের অংশীদার ছিলেন। এ দায় কোনোভাবেই আপনারা এড়াতে পারবেন না।’

রেজাউল করীম বলেন, ‘৫৪ বছরে বারবার সরকারের পরিবর্তন দেখেছি। আমরা যে লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে ভোট দিয়েছি, বাস্তবে সেটির প্রতিফলন হতে দেখিনি। এখন পরিবর্তনের জন্য একটাই নীতি-আদর্শ, তা হলো ইসলাম। এটি কালজয়ী আদর্শ। অনেকে শরিয়া শুনলে ভয় পান। ইসলাম মানেই শরিয়া। রোজা-নামাজ, হজ-জাকাতসহ ইসলামের যত বিধিবিধান রয়েছে, সবই শরিয়া।’ এ সময় তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে হাতপাখায় ভোট দিয়ে ইসলামকে বিজয়ী করার আহ্বান জানান।

জনসভায় ভোলা-৪ আসনে হাতপাখার প্রার্থী অধ্যাপক কামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক নুরুল করিম আকরাম, সহপ্রচার ও দাওয়াহ সম্পাদক কে এম শরিয়াতুল্লাহ, হাবিবুর রহমান মিসবাহ, হাসিব আর রহমান প্রমুখ।