জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে
নৈতিকভাবে ভাবলেই গড়া যাবে প্রত্যাশার নতুন বাংলাদেশ: জামায়াত আমির
প্রত্যাশার নতুন বাংলাদেশ গড়তে দেশবাসীকে নৈতিকভাবে ভাবার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিটিভিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।
ভাষণে জামায়াত আমির বলেন, জুলাইয়ের আন্দোলন ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য এবং দীর্ঘদিনের পরিবারতন্ত্র ও নির্দিষ্ট গোষ্ঠীর ক্ষমতার অবসানের লক্ষ্যে। দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল সেই পরিবর্তনের বিরোধিতা করছে, কারণ পরিবর্তন হলে তাদের অন্যায় ও অপকর্মের পথ বন্ধ হয়ে যাবে।
তিনি বলেন, ক্ষমতাবানদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস সবার থাকে না। কিন্তু সেই সাহস দেখিয়েছেন আবরার ফাহাদ, আবু সাঈদ, মুগ্ধ, ওসমান হাদি ও তাঁদের সহযোদ্ধারা। তাঁদের আত্মত্যাগের শপথ নিয়ে নতুন প্রজন্ম আজ পরিবর্তনের জন্য প্রস্তুত। বাংলাদেশের ভবিষ্যৎ এই তরুণ প্রজন্মের হাতেই তুলে দিতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চায়—যেখানে পারিবারিক পরিচয়ে নয়, যোগ্যতায় নেতৃত্ব নির্ধারিত হবে এবং রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের।
জনসংখ্যাকে সমস্যা নয় বরং সম্পদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই জনশক্তিকে কাজে লাগাতে হলে নীতি ও নৈতিকতাভিত্তিক রাজনীতির বিকল্প নেই। নৈতিকতা, শৃঙ্খলা ও জবাবদিহিতা ছাড়া কোনো জাতি এগোতে পারে না।
নারীদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে নারীরা সমাজের মূলধারার নেতৃত্বে মর্যাদার সঙ্গে কাজ করবেন। রাজনীতি, কর্পোরেট জগৎসহ সব ক্ষেত্রে তাদের মেধার যথাযথ মূল্যায়ন হবে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
শিক্ষাব্যবস্থার বিষয়ে তিনি বলেন, শিক্ষা হতে হবে নৈতিকতা ও প্রযুক্তিভিত্তিক। বেকার ভাতার পরিবর্তে তরুণদের দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই জামায়াতের লক্ষ্য।
শেষে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি।
মানবকণ্ঠ/আরআই




Comments