Image description

ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামী সমর্থিত এনসিপির মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তার অধিকাংশ ভোটার ‘জেন-জি’ প্রজন্মের এবং তারা উচ্ছ্বাস নিয়ে ভোট দিতে কেন্দ্রে আসছেন। তবে তাদের সঙ্গে কেউ বিশৃঙ্খলা করতে চাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমার ভোটাররা বেশিরভাগ জেন-জি। তারা বলেছে শাপলাকলিতে ধুমিয়ে ভোট দেবে। তাদের সঙ্গে কেউ গ্যাঞ্জাম করতে চাইলে, তারা গ্যাঞ্জামে চলে যাবে। তখন পরিস্থিতি আমাদের কন্ট্রোলে থাকবে না। গণঅভ্যুত্থানের সময়েও পরিস্থিতি আমাদের কন্ট্রোলে ছিল না।”

তিনি আরও বলেন, “জেন-জিদের ক্ষ্যাপাবেন না। তাদের সুষ্ঠুভাবে ভোট দিতে দিন। নারীরা দলে দলে শাপলাকলিতে ভোট দিতে আসছেন। তাদের সঙ্গে কোনো ঝামেলা করবেন না।”

কেউ অস্থিরতা তৈরির চেষ্টা করলে তা শক্ত হাতে দমন করা হবে বলেও জানান তিনি। “যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে, তাদের ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে,” বলেন তিনি।

এনসিপির এই প্রার্থী আরও বলেন, তাকে দেওয়া ভোট মূলত ওসমান হাদি ভাইকে দেওয়া ভোট হিসেবে বিবেচিত হবে। “আমার বিজয় হলে সেটি শুধু আমার নয়, ওসমান হাদি ভাইয়ের বিজয় হবে,” মন্তব্য করেন তিনি।

নির্বাচনে পরাজিত হলে কী করবেন এমন প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “এখন যে পরিশ্রম করছি, হেরে গেলে সেটি দ্বিগুণ করব।” সরকারদলের সঙ্গে একসঙ্গে কাজ করার বিষয়ে তিনি বলেন, “আমার ওপর যারা হামলার চেষ্টা করেছিলেন, আমি তাদের মাফ করে দিয়েছি। সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করব, ইনশাআল্লাহ।”

মানবকণ্ঠ/আরআই