Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী, প্রাপ্ত দুটি কেন্দ্রের ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণ ভোটে এগিয়ে আছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রাপ্ত তথ্য অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে তারেক রহমান পেয়েছেন ১ হাজার ৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৪৫৭ ভোট।

সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশজুড়ে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলে। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন ঐতিহাসিক গণভোটও অনুষ্ঠিত হয়েছে। সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারই রেকর্ডসংখ্যক ৫১টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। ২ হাজার ২৯ জন প্রার্থীর এই লড়াইয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক কমিটিসহ বড় দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ৮০ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। ১১৯টি প্রতীকের এই বিশাল কর্মযজ্ঞে ভোটাররা উৎসাহের সঙ্গে তাদের রায় প্রদান করেন।

উৎসবমুখর পরিবেশে ভোট হলেও কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল জানায়, দুপুর ২টা পর্যন্ত দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এছাড়া ৫৯টি ক্ষেত্রে জাল ভোট প্রদান এবং তিনটি স্থানে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৭০৯ এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬০ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ৮ জন ভোটার রয়েছেন। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ধানের শীষের প্রার্থী তারেক রহমানের সুবিধাজনক অবস্থান কেন্দ্রগুলোতে উৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছে।

মানবকণ্ঠ/ডিআর