Image description

জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, একটি চিহ্নিত রাজনৈতিক দল ভোটের আগের রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি করার চেষ্টা করেছে। এছাড়া কালো টাকা মহোৎসব, জালিয়াতি এবং বিভিন্ন স্থানে আগে থেকেই সিল মারা ব্যালট পাওয়ার অভিযোগ রয়েছে। তারপরও তিনি উল্লেখ করেন, বিএনপির বিজয় অনিবার্য ও নিরঙ্কুশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ শেষে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে মাহদী আমিন এসব কথা বলেন। তিনি জানান, চিহ্নিত রাজনৈতিক দলটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভোটারদের মনে ভীতি তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু বিএনপির বিজয়কে কেউ স্থিমিত করতে পারবে না।

মাহদী আমিন সরকার, আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে ভোট গণনার সুষ্ঠু সম্পন্ন হওয়ার আহ্বান জানান। এছাড়া নির্বাচনের সময় সহিংসতায় যারা আহত বা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

তিনি আরও অভিযোগ করেন, অনেক জায়গায় ভুয়া পর্যবেক্ষক তৈরির মাধ্যমে ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়া হয়েছে। এছাড়া আগে থেকে সিল মারা ব্যালট পাওয়া, জাল ভোট দেওয়া, মৃত মানুষের ভোট প্রদানের ঘটনা ঘটেছে এবং অনেকে নিজের ভোট দিতে পারেননি। মাহদী আমিন বলেন, ‘এসব ঘটনা প্রমাণ করে যে একজনের ভোট অন্যজন দেওয়ার অপসংস্কৃতি এখনো পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।’

ব্রিফিংয়ে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর এবং সদস্য শায়রুল কবির খানও উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/আরআই