বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেশের ইতিহাসের একটি ‘দুঃখী দল’ বলে অভিহিত করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি মিলনায়তনে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াতে ইসলামী ইতিহাসের একটি ‘দুঃখী দল’। অসংখ্য মজলুমের ত্যাগ আর চোখের পানি আজ জামায়াতকে এই অবস্থানে নিয়ে এসেছে। দীর্ঘ সময় ধরে আমাদের ওপর যে জুলুম হয়েছে, তা দেশের মানুষ জানে।”
মতবিনিময় সভায় জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া মায়েদের ত্যাগের কথা অত্যন্ত আবেগঘন কণ্ঠে স্মরণ করেন জামায়াত আমির। তিনি বলেন, “জুলাই আন্দোলনে যেসব মায়েরা নিজেদের জীবনের মায়া ত্যাগ করে রাজপথে নেমেছিলেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। আগামী দিনে নারীদের প্রকৃত অধিকার ও মর্যাদা বাস্তবায়নে জামায়াত অগ্রণী ভূমিকা পালন করবে।”
দেশের গণমাধ্যম ও বাকস্বাধীনতা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “জাতি যদি আমাদের ওপর রাষ্ট্র পরিচালনার ভার দেয়, তবে আমরা দেশের সব মানুষকে পাশে চাই। বিশেষ করে জামায়াতের আগামী দিনের পথচলায় গণমাধ্যমকে আমরা বড় সহযোগী হিসেবে দেখতে চাই। জামায়াত চায় বাংলাদেশের গণমাধ্যম চূড়ান্ত এবং প্রকৃত স্বাধীনতা উপভোগ করুক।”
এবারের নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ ও অংশগ্রহণ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “নির্বাচনী প্রক্রিয়ায় প্রবাসীদের এই সক্রিয় অংশগ্রহণ জামায়াতের দীর্ঘদিনের দাবির প্রতিফলন। ভবিষ্যতে সুযোগ এলে প্রবাসীদের সরকারের সরাসরি অংশীদার করা হবে এবং তাদের মেধা ও শ্রমকে দেশ গঠনে যথাযথ মূল্যায়ন করা হবে।”
নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং একটি আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments