কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ১৭৭টি কেন্দ্রের সবকটির বেসরকারি ফলাফলে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৫৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল্লাহ আল ফারুখ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭২৬ ভোট। সালাহউদ্দিন আহমদ ৯৫ হাজার ৮৪০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ফলাফল নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন আহমদ বলেন, "বিএনপি কোনো বিজয় উল্লাস করবে না। আমাদের দায়িত্ব এখন অনেক বেশি। আমরা কোনো উত্তেজনা সৃষ্টি করতে চাই না। জনগণের প্রত্যাশা পূরণ করাই এখন আমাদের প্রধান কর্তব্য।"
তিনি আরও যোগ করেন, রাষ্ট্র পরিচালনায় অতীতে ভুল হতে পারে, কিন্তু জনগণ মনে করেছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির হাতেই নিরাপদ। নির্বাচনের আগে ও পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি জনগণের ব্যাপক সমর্থনই প্রমাণ করে যে জাতি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং আইনের শাসন চায়।
উল্লেখ্য, এ নিয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন সালাহউদ্দিন আহমদ। এর আগে তিনি ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। কক্সবাজার-১ আসনে এবার মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৪০ হাজার ৪৬৮ জন। এর মধ্যে একটি বড় অংশ ভোটাধিকার প্রয়োগ করেছেন, যার ফলশ্রুতিতে এই ঐতিহাসিক জয় সুনিশ্চিত হয়।
নির্বাচন পরবর্তী পরিস্থিতি শান্ত রাখতে এবং শৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতা-কর্মীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন বিএনপির এই শীর্ষ নেতা।
মানবকণ্ঠ/ডিআর




Comments