Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বেসরকারিভাবে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টায় জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ হাবিবুর রহমান এই ফলাফল নিশ্চিত করেন।

১২৭টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ১১ দলীয় জোটের প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৩০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুল হুদা পেয়েছেন ৭৬ হাজার ৬৩৮ ভোট। ডা. তাহের তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫৬ হাজার ৬৭০ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রিক ফলাফলে দেখা গেছে, ২৯৯টি আসনের মধ্যে এ পর্যন্ত ২৪৯টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১৭৯টি আসনে জয়লাভ করে সরকার গঠন নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের সমমনা জোট। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এ পর্যন্ত ৬৫টি আসনে জয় পেয়েছে এবং অন্যান্য দল পেয়েছে ৫টি আসন।

চৌদ্দগ্রামের সাধারণ ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। ডা. তাহেরের এই বিজয়কে তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ও এলাকার প্রতি সেবার স্বীকৃতি হিসেবে দেখছেন স্থানীয় সমর্থকরা।

মানবকণ্ঠ/ডিআর