কোন একটি বিশেষ রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দিতে নির্বাচন কমিশন (ইসি) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের। জামায়াতের শীর্ষ নেতাদের আসনের ফলাফল ঘোষণায় গড়িমসি এবং ফলাফল ‘টেম্পারিং’ বা ঘষামাজা করা হচ্ছে দাবি করে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোররাত ৪টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা এবং কিছু আসনে জালিয়াতির অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে যায় জামায়াতের একটি প্রতিনিধি দল। সেখানে ইসি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা জানান।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, "জামায়াতের শীর্ষ নেতাদের ফলাফল ঘোষণায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে গড়িমসি করা হচ্ছে। রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং ইসি সচিবালয়ের একটি অংশ এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। তারা অস্বাভাবিক বিলম্ব করে নির্বাচনের ফলাফল পরিবর্তনের চেষ্টা করছেন। জনতার দেওয়া ভোটের রায় নিয়ে আমরা কোনো তালবাহানা সহ্য করব না।"
তিনি আরও বলেন, "এগুলো ফ্যাসিবাদ কায়েমের পুরনো কলাকৌশল। যদি জনগণের রায় নিয়ে ষড়যন্ত্র অব্যাহত থাকে, তবে অচিরেই দেশব্যাপী দুর্বার প্রতিরোধ গড়ে তোলা হবে। ইসির বক্তব্য সন্তোষজনক না হলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।"
মানবকণ্ঠ/ডিআর




Comments