ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনেই বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপি ও এর নেতৃত্বাধীন জোটের প্রার্থীরা। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিএনপির ৪ জন এবং জোটের শরিক ১ প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়া জেলার সবচেয়ে আলোচিত আসনে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বড় ব্যবধানে জয়লাভ করেছেন।
বৃহস্পতিবার রাত ২টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান আনুষ্ঠানিকভাবে এই বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
আসনভিত্তিক ফলাফল
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর): এই আসনে বিএনপি প্রার্থী আব্দুল হান্নান ৬৯ হাজার ৭৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) অ্যাডভোকেট এ.কে.এম কামরুজ্জামান পেয়েছেন ৪৫ হাজার ১২১ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ): দেশজুড়ে আলোচিত এই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি বিএনপি জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা জোনায়েদ আল হাবিবকে পরাজিত করেন। মাওলানা হাবিব পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর): বিএনপি প্রার্থী খালেদ হোসেন মাহবুব ২ লাখ ৯ হাজার ৬৩৬ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির (শাপলা কলি) প্রার্থী আতাউল্লাহ পেয়েছেন ৬২ হাজার ৫৪৭ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া): এই আসনে বিএনপির প্রার্থী মুশফিকুর রহমান ১ লাখ ৩৯ হাজার ৮৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মোঃ আতাউর রহমান সরকার পেয়েছেন ৯১ হাজার ৭৯৬ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর): হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট মোঃ আব্দুল মান্নান ৮৫ হাজার ৭৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি মাত্র ১ হাজার ৬১ ভোটের ব্যবধানে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেনকে (ফুটবল প্রতীক) পরাজিত করেন। নাজমুল হোসেন পেয়েছেন ৮৪ হাজার ৭০৮ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর): বিএনপি জোটের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি (মাথাল প্রতীক) ৯৪ হাজার ২৩১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মোঃ মহসীন পেয়েছেন ৩৯ হাজার ৯৬৫ ভোট।
জেলার রিটার্নিং কর্মকর্তা জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে সকল কেন্দ্রের ফলাফল সমন্বয় করে এই বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments