Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের ৮টি জেলার মধ্যে একমাত্র নারী বিজয়ী প্রার্থী হিসেবে নিজের শক্ত অবস্থানের জানান দিলেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর মাধ্যমে তিনি তাঁর বাবা সাবেক মন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের হারানো আসনটি দীর্ঘ ১৮ বছর পর পুনরুদ্ধার করলেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় নাটোরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীন আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।

বেসরকারি ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৯০ হাজার ৫৬৮ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু (কলস প্রতীক) ৭৩ হাজার ১৭৩ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

ব্যারিস্টার পুতুল নাটোরের প্রবীণ নেতা ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের কন্যা। ফজলুর রহমান পটল এই আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ২০০৮ সালের নির্বাচনে আসনটি হাতছাড়া হওয়ার পর দীর্ঘ দেড় যুগ এই আসনে বিএনপির কোনো প্রতিনিধিত্ব ছিল না। বাবার মৃত্যুর পর তাঁরই যোগ্য উত্তরসূরি হিসেবে রাজনীতিতে নামেন পুতুল এবং বাবার সেই দুর্গে আবারও ধানের শীষের বিজয় নিশান ওড়ালেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে নাটোর জেলায় অভাবনীয় সাফল্য পেয়েছে বিএনপি। জেলার ৪টি সংসদীয় আসনের সবকটিতেই জয়লাভ করেছে দলটি। নাটোর-১ আসনে পুতুল ছাড়াও নাটোর-২ আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ আসনে আনোয়ারুল ইসলাম আনু এবং নাটোর-৪ আসনে আব্দুল আজিজ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মানবকণ্ঠ/ডিআর