Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। একই সঙ্গে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক আসন পেয়ে প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

কেন্দ্র থেকে প্রাপ্ত এবং রিটার্নিং কর্মকর্তাদের ঘোষিত সর্বশেষ বেসরকারি ফলাফলে জানা গেছে, ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত রাখা হয়। ঘোষিত ২৯৬টি আসনের ফলে বিএনপি জয় পেয়েছে ২০৭টিতে। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন, যার মধ্যে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ৬টি। স্বতন্ত্রসহ অন্যান্য প্রার্থীরা জয়ী হয়েছেন ১২টি আসনে।

এদিকে মামলাজনিত কারণে শেরপুর-২, চট্টগ্রাম-৪ ও চট্টগ্রাম-৬ আসনের ফলাফল স্থগিত রয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিয়ে বগুড়া-৬ ও ঢাকা-১৭ উভয় আসনেই বিজয়ী হয়েছেন। বগুড়া-৬ আসনে তিনি বড় ব্যবধানে জয় পেলেও ঢাকা-১৭ আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর সামান্য ব্যবধানে জয় নিশ্চিত করেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনে জয়লাভ করেছেন।

নির্বাচনের এই ফলাফলে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বাস্তবতা তৈরি হয়েছে।

মানবকণ্ঠ/আরআই