Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। তিনি জামায়াত প্রার্থী রোকন রেজা শেখকে পরাজিত করেন।

বিজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ফজলুর রহমান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর প্রসঙ্গ তুলে ধরেন। এক পোস্টে তিনি লেখেন, “স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু—স্বাধীন বাংলার অস্তিত্ব।”

আরেক পোস্টে তিনি উল্লেখ করেন, “সমস্ত রাজাকার ও স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে নির্বাচনী বিজয় নিশ্চিত করে ফজরের নামাজের পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছি। এ বিজয় ব্যক্তির নয়—এটি মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার পক্ষে জনতার স্পষ্ট রায়।”

তিনি আরও জানান, দেশ-বিদেশ থেকে বহু শুভাকাঙ্ক্ষী খোঁজ নিয়েছেন। ব্যস্ততার কারণে সবার সঙ্গে যোগাযোগ সম্ভব না হলেও বিভিন্ন টেলিভিশন চ্যানেল, পত্রিকা, ইউটিউব প্ল্যাটফর্ম ও সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন। তার ভাষ্য, সংসদে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষে তিনি অটল অবস্থান রাখবেন।

তবে বিজয়ের আনন্দের মধ্যেও কিছুটা আক্ষেপ প্রকাশ করেছেন এই মুক্তিযোদ্ধা প্রার্থী। একটি ভিডিও বার্তায় তিনি দাবি করেন, তার এক কর্মীকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, যা তিনি অন্যায় বলে উল্লেখ করেন। এ বিষয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

নির্বাচনের এই ফলাফলের পর কিশোরগঞ্জ-৪ আসনে রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে।

মানবকণ্ঠ/আরআই