সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে দেখা গেল এক নজিরবিহীন নাটকীয়তা। সাধারণ ভোট গণনায় পিছিয়ে থাকলেও শেষ মুহূর্তে পোস্টাল ব্যালটের জোয়ারে জয় নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। মাত্র ৫৯৪ ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থীকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় উল্লাপাড়ার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আরিফ ১৪৭টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। সেই ফলাফল অনুযায়ী, বিএনপির এম আকবর আলী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬০ হাজার ৪৫৮ ভোট পেয়ে বিজয়ী হওয়ার পথে ছিলেন। অন্যদিকে মাওলানা রফিকুল ইসলাম খান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছিলেন ১ লাখ ৫৯ হাজার ৬৯৩ ভোট। অর্থাৎ কেন্দ্রভিত্তিক ফলাফলে ৭৬৫ ভোটে এগিয়ে ছিলেন বিএনপি প্রার্থী আকবর আলী।
তবে রাত ১টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ৩ হাজার ২১টি পোস্টাল ব্যালটের ফলাফল ঘোষণা করলে পুরো চিত্র বদলে যায়। এই পোস্টাল ব্যালটগুলোর মধ্যে মাওলানা রফিকুল ইসলাম খান একাই পান ২ হাজার ১৭৯ ভোট। বিপরীতে বিএনপি প্রার্থী এম আকবর আলী পান মাত্র ৮২০ ভোট।
পোস্টাল ব্যালটের এই বিপুল ব্যবধান কেন্দ্রভিত্তিক ফলাফলের ঘাটতি কাটিয়ে রফিকুল ইসলাম খানকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। চূড়ান্ত ফলাফলে জামায়াত প্রার্থীর মোট ভোট দাঁড়ায় ১ লাখ ৬১ হাজার ৮৭২। আর বিএনপি প্রার্থীর মোট ভোট হয় ১ লাখ ৬১ হাজার ২৭৮। ফলে মাত্র ৫৯৪ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী ঘোষিত হন মাওলানা রফিকুল ইসলাম খান।
নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, সরকারি কর্মকর্তাদের দেওয়া পোস্টাল ব্যালটই মূলত এই আসনে জয়-পরাজয়ের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। এ আসনে দীর্ঘ সময় পর জামায়াতের এমন নাটকীয় বিজয় স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments