Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় নিবন্ধিত ৫১টি রাজনৈতিক দল। এর মধ্যে ফলাফল ঘোষিত আসনগুলোর বিশ্লেষণে দেখা গেছে, অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ৪২টি দলই কোনো আসনে জয় পায়নি। ফলে নতুন সংসদে প্রতিনিধিত্ব পাচ্ছে মাত্র ৯টি রাজনৈতিক দল এবং কয়েকজন স্বতন্ত্র সদস্য।

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে ২৯৭টি আসনের ফলাফল প্রকাশ করেছে। একটি আসনে ভোট স্থগিত ছিল। এছাড়া দুটি আসনের ক্ষেত্রে প্রার্থীদের বিরুদ্ধে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে।

ইসি ঘোষিত ফল অনুযায়ী, নির্বাচনে ২৯৭টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি জয়ী হয়েছে ২০৯টি আসনে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে বিজয়ী হয়েছে। এনসিপি ছয়টি ও বাংলাদেশ খেলাফত মজলিস দুটি আসনে বিজয়ী হয়েছে। এই তিনটি দলই ১১ দলীয় জোটে আছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি করে আসন পেয়েছে ইসলামী আন্দোলন, গণ-অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস। এ ছাড়া সাতটি আসনে জয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থী।

ফল বিশ্লেষণ করে দেখা গেছে, নির্বাচনে অংশ নেওয়া অনেক রাজনৈতিক দলই শতাধিক আসনে প্রার্থী দিলেও শেষ পর্যন্ত শূন্য হাতে ফিরতে হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বড় দলকেন্দ্রিক মেরুকরণ, জোটভিত্তিক নির্বাচন এবং কৌশলগত ভোটিংয়ের কারণে ছোট ও নতুন দলগুলো কাঙ্ক্ষিত ফল পায়নি।

ফলে ত্রয়োদশ জাতীয় সংসদে প্রতিনিধিত্ব পাচ্ছে মাত্র ৯টি রাজনৈতিক দল ও কিছু স্বতন্ত্র সদস্য। বাকি ৪২ দলের জন্য এবারের নির্বাচন হয়ে থাকলো হতাশার অধ্যায়।

যেসব দল কোনো আসনে জয় পায়নি:

লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি, জাতীয় পার্টি-জেপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, গণতন্ত্রী পার্টি, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। 

এছাড়াও বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ, ইসলামী ফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, বিএমএল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম, বাংলাদেশ কংগ্রেস, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ, বাংলাদেশ সুপ্রিম পাটি (বিএসপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পাটি), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ লেবার পাটি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), জনতার দল, আমজনতার দল, বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি) ও বাংলাদেশ নেজামে ইসলাম পাটি কোনো আসন পায়নি।