Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে এবং কোনো ধরনের সহিংসতা, ব্যক্তিগত প্রতিশোধ বা উসকানিমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন। এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের পরম ধৈর্য ও সতর্ক থাকার আহ্বান জানান।

তারেক রহমান বলেন, ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে কোথাও কোথাও ভুল-বোঝাবুঝি বা উত্তেজনা তৈরি হয়ে থাকতে পারে। তবে সেই রেশ ধরে নির্বাচন-পরবর্তী সময়ে যেন কোনোভাবেই প্রতিশোধ বা প্রতিহিংসামূলক কোনো ঘটনা না ঘটে, সেদিকে কঠোর দৃষ্টি রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমার বক্তব্য অত্যন্ত স্পষ্ট—যেকোনো মূল্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড দল বরদাশত করবে না। দলমত, ধর্ম-বর্ণ কিংবা ভিন্নমত যা-ই হোক, কোনো অজুহাতেই দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না। ন্যায়পরায়ণতাই হবে আমাদের আদর্শ। আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে আমাদের সব প্রচেষ্টা বৃথা যেতে বাধ্য।’

আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দল সবার জন্য আইন সমান হবে উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘প্রতিটি বাংলাদেশি নাগরিকের জন্যই আইন সমান। আইনের প্রয়োগ হবে বিধিবদ্ধ নিয়মে। নির্বাচন-উত্তর পরিস্থিতিতে কেউ যেন সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আমাদের সবাইকে অতন্দ্র প্রহরীর মতো সতর্ক থাকতে হবে।’

নির্বাচনে বিএনপিকে বিপুলভাবে বিজয়ী করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, ‘এ বিজয় কোনো বিশেষ দলের নয়, এ বিজয় গোটা বাংলাদেশের। এ বিজয় গণতন্ত্রের এবং গণতন্ত্রকামী কোটি মানুষের। দীর্ঘ লড়াই-সংগ্রামের পর আজ থেকে আমরা সবাই স্বাধীন বাংলাদেশে মুক্ত নিশ্বাস নিতে পারছি।’

মানবকণ্ঠ/ডিআর