Image description

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ এম এ হান্নান এক নজিরবিহীন ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, তার প্রিয় রাজনৈতিক দল বিএনপি তাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ না করা পর্যন্ত তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন না। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে এম এ হান্নান বলেন, ‘ছাত্রজীবন থেকেই আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে বিএনপির রাজনীতি করে আসছি এবং আমৃত্যু এই আদর্শেই অটুট থাকব। আমার রাজনৈতিক পরিচয় ও অঙ্গীকার দলের প্রতি প্রশ্নাতীত। তাই দল আমাকে গ্রহণ না করা পর্যন্ত আমি সংসদ সদস্য হিসেবে শপথ নেব না।’

তিনি অভিযোগ করে বলেন, অতীতে একটি ‘কুচক্রী মহল’ ষড়যন্ত্র করে তার দলীয় মনোনয়ন বাতিল করেছিল। এবারও একই ধরনের চক্রান্ত হয়েছে। তবে ফরিদগঞ্জের জনগণ ও তৃণমূল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ সমর্থনে তিনি ‘জনগণের প্রার্থী’ হিসেবে বিজয়ী হয়েছেন।

তিনি স্পষ্ট করে বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নির্বাচন করিনি, বরং একটি জনবিচ্ছিন্ন চক্রের বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছি।’

নির্বাচন-পরবর্তী সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নবনির্বাচিত এই এমপি বলেন, পরাজিত একটি পক্ষ এলাকায় সহিংসতা ও অপপ্রচারে লিপ্ত হয়েছে। এসব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি প্রশাসনের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। একই সঙ্গে নির্বাচনে কারচুপির যে অভিযোগ তোলা হয়েছে, তাকে ‘ভিত্তিহীন’ বলে নাকচ করে দেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, বিএনপি নেতা সফিউল আলম বাশার মুকুল পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেনসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

মানবকণ্ঠ/ডিআর