Image description

নড়াইল সদর উপজেলায় আহসান আজিজুল হাকিম (৩২) নামে এক জামায়াত নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আহসান সদ্য সমাপ্ত নির্বাচনে নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ওবায়দুল্লা কায়সারের নির্বাচন পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন বলে জানা গেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার বিছালী ইউনিয়নের মির্জাপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহসান আজিজুল হাকিম জামায়াতে ইসলামীর বিছালী ইউনিয়ন শাখার অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভুক্তভোগী আহসান দাবি করেন, শুক্রবার রাত ১২টার দিকে তার বাড়ির উঠানে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির আনাগোনা টের পেয়ে তিনি বাইরে বের হলে তারা পালিয়ে যায়। পরবর্তীতে ভোরের দিকে একটি বিকট শব্দ শুনে জানালা দিয়ে তাকিয়ে দেখেন তার মোটরসাইকেলটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে মোটরসাইকেলের অধিকাংশ অংশ পুড়ে ছাই হয়ে যায়।

নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে সক্রিয়ভাবে কাজ করায় রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেন আহসান। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিছালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মো. হাসিবুর মোল্যা এ ঘটনাকে ‘ন্যক্কারজনক’ হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা করা হবে।

মানবকণ্ঠ/ডিআর