বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাকে রাজনীতিবিদ হিসেবে দেখছেন না ঢাকা-৬ আসন থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য ও ব্রাদার্স ইউনিয়নের আহ্বায়ক ইশরাক হোসেন। একই সঙ্গে এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে হওয়া হত্যা বা গণহত্যার মামলাগুলোকে বিশ্বাসযোগ্য নয় বলেও মন্তব্য করেছেন তিনি।
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ইশরাক হোসেন বলেন, ‘তারা ক্রিকেটার এবং শুধু কোনো সাধারণ ক্রিকেটার নন, তারা আমাদের দেশের সম্পদ (অ্যাসেট)। আমি তাদের ক্রিকেটার হিসেবেই বিবেচনা করছি। জনগণ ও সমাজ ইতোমধ্যেই তাদের এক প্রকার জবাব দিয়ে দিয়েছে। তবে তাদের বিরুদ্ধে গণহত্যার যে মামলা হয়েছে, সেটি আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। আমার মনে হয় না যে তারা কোনো অর্ডার পালন করেছেন অথবা নিজেরা হাতে বন্দুক নিয়ে গুলি করে কাউকে হত্যা করেছেন।’
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা লোকচক্ষুর অন্তরালে রয়েছেন। অন্যদিকে, মামলার কারণে মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানও বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।
সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নিয়োগ প্রক্রিয়া নিয়ে তীব্র সমালোচনা করেন ইশরাক। তিনি বলেন, ‘বিসিবির কাউন্সিলর কীভাবে হয় আপনারা জানেন। সেখানে জেলা প্রশাসকরা কাউন্সিলর নিয়োগ দেন। এটি মহাদুর্নীতি, বাণিজ্য এবং পক্ষপাতিত্বমূলক ব্যবস্থা। নিজেদের সিন্ডিকেটকে বোর্ডে বসানোর চেষ্টা যখন সরকারের উপদেষ্টার পক্ষ থেকে হলো, তখন তো আমরা বসে থাকতে পারি না।’
নিজে ক্রীড়া সংগঠক ও ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর হলেও বোর্ড রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছা নেই বলে জানান ইশরাক। তিনি বলেন, ‘আমিও একজন কাউন্সিলর, কিন্তু আমি কখনো বোর্ডে আসব না। আমার বোর্ডে আসার সময় নেই, আমি ফুলটাইম রাজনীতি করব। আমি চাই যারা প্রকৃত ক্রীড়া সংগঠক তারা বোর্ডে আসুক, আমরা তাদের সাহায্য করব।’
মানবকণ্ঠ/ডিআর




Comments