ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর রাজনৈতিক শিষ্টাচারের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের ফল ঘোষণার পর রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান।
দীর্ঘ সময় ধরে চলা এই বৈঠকে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত আমির। বৈঠকে বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের পক্ষে নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘এটি দেশের রাজনীতির একটি গুণগত পরিবর্তন। আমরা দীর্ঘ সময় রাজপথে একসঙ্গে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। এখন সরকার ও বিরোধী দল মিলে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করব।’
জামায়াতের অবস্থান পরিষ্কার করে তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী কোনো জাতীয় সরকারে অংশ নেবে না। আমরা সংসদে একটি শক্তিশালী ও গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করব। তবে জনগণের কল্যাণে যেকোনো ইতিবাচক কাজে আমরা সরকারকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাব।’
বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য নতুন সরকারের প্রতি আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে জনজীবনে পূর্ণ স্থিতিশীলতা ফিরে আসবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments