ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রিসাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ তুলেছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের প্রধান নির্বাচনী এজেন্ট ও তার স্ত্রী আফরোজা আব্বাস।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন।
আফরোজা আব্বাস দাবি করেন, নির্বাচনে বিজয়ী মির্জা আব্বাসের পক্ষ থেকে কোনো ধরনের অনিয়মের আশ্রয় নেওয়া হয়নি, বরং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাই ধানের শীষের নিশ্চিত ভোট যোগ করতে অনীহা দেখিয়েছেন।
তিনি বলেন, ‘আমি প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে সব কেন্দ্রে যাওয়ার অনুমতি পেয়েছিলাম, কিন্তু কোথাও নিয়মবহির্ভূতভাবে প্রভাব বিস্তার করিনি। অথচ নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও কিছু প্রিসাইডিং কর্মকর্তা ব্যালটের ফাঁকা জায়গায় পড়া ভোটগুলো ‘ধানের শীষ’ প্রতীকে যোগ করেননি। এসব ভোট যুক্ত হলে মির্জা আব্বাসের জয়ের ব্যবধান আরও কয়েক হাজার বৃদ্ধি পেত।’
ঢাকা-৮ আসনের ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৫ হাজার ২০৯।
এদিকে, ফলাফল প্রত্যাখ্যান করে ইতোমধ্যে নির্বাচন কমিশনে ভোট পুনঃগণনার আবেদন করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। আবেদনে তিনি ঢাকা-৮ আসনে অনিয়ম, কারচুপি ও বেআইনি প্রভাব বিস্তারের অভিযোগ এনে তদন্তের দাবি জানান। একই সঙ্গে বাতিল ঘোষিত ভোটগুলো পুনর্বিবেচনা করে নতুন ফলাফল প্রকাশের অনুরোধ করেন তিনি।
মানবকণ্ঠ/ডিআর




Comments