দেশের স্বার্থে সব রাজনৈতিক দলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের (চরমোনাই পীর) সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চরমোনাই পীর জানান, দুই নেতার মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। তারেক রহমান দেশের গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেছেন। এছাড়া আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিতব্য নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
সৈয়দ রেজাউল করীম বলেন, “বৈঠকে তারেক রহমান জানিয়েছেন যে, তিনি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান। আমরা বলেছি, যদি কখনো ইসলাম ও দেশবিরোধী কোনো কাজ হয়, তবে আমরা রাজপথে প্রতিবাদ করব। এর জবাবে তারেক রহমান অনুরোধ করেছেন—যৌক্তিক কোনো দাবিতে আন্দোলনের ডাক দেওয়ার আগে যেন সরকারের সঙ্গে আলোচনার টেবিলে বসা হয়।”
নির্বাচনী ফলাফল নিয়ে এক প্রশ্নের জবাবে ইসলামী আন্দোলনের নায়েবে আমির বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা কেন মাত্র একটি আসন পেলাম, এ নিয়ে দলের ভেতরে তদন্ত চলছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।”
প্রায় এক ঘণ্টাব্যাপী স্থায়ী এই বৈঠকে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সরকার গঠনের আগে দেশের প্রভাবশালী ইসলামী ঘরানার রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারেক রহমানের এই যোগাযোগ একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের ইঙ্গিত দিচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments