হুইপ হচ্ছেন আজাদ!-সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, তীব্র নিন্দা নজরুল ইসলাম আজাদের
ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন-এমন শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন পোর্টালে খবর ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
তিনি স্পষ্ট করে বলেছেন, “হুইপের বিষয়টি আমার জানা নেই। যারা এ ধরনের মিথ্যা অপপ্রচার করছে, তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।”
অপপ্রচারের পেছনে কী উদ্দেশ্য? সংশ্লিষ্ট সূত্র জানায়, কিছু অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজে হুইপ হচ্ছেন আজাদ শিরোনামে সংবাদ প্রচার করা হয়। তবে দলীয় বা সংসদীয় সূত্রে এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিভ্রান্তি সৃষ্টি ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব উসকে দিতেই এ ধরনের খবর ছড়ানো হতে পারে।
সংসদ সদস্য আজাদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন রয়েছে। নারায়ণগঞ্জের আড়াইহাজারকে একটি রোল মডেল এলাকায় পরিণত করাই আমার লক্ষ্য। নির্বাচনের সময় যেসব প্রতিশ্রুতি দিয়েছি, ইনশাআল্লাহ সেগুলো বাস্তবায়ন করব।
তিনি আরও বলেন, আড়াইহাজারকে ডাকাত ও চাঁদাবাজমুক্ত করতে কঠোর অবস্থান নেওয়া হবে এবং নেতাকর্মীদেরও এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
নির্বাচনী ফলাফল: সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নজরুল ইসলাম আজাদ ৪৩ হাজার ২৩৩ ভোটের ব্যবধানে বিজয়ী হন, যা স্থানীয় রাজনীতিতে তাঁর অবস্থানকে আরও সুদৃঢ় করেছে বলে মনে করছেন দলীয় নেতারা।
হুইপ হচ্ছেন আজাদ-এমন খবরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হলেও সংশ্লিষ্ট সংসদ সদস্য নিজেই বিষয়টি নাকচ করেছেন। এ ধরনের প্রচারকে অপপ্রচার হিসেবেই দেখছেন তিনি।




Comments