সংবিধান সংস্কার পরিষদ গঠন করা না হলে সংসদে কথা বলার মতো সুষ্ঠু পরিবেশ থাকবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে পুনরায় রাজপথে নামার প্রস্তুতি নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ‘জাতীয় ছাত্রশক্তি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল কেবল শেখ হাসিনার পতন নয়, বরং স্বৈরাচারী কাঠামোর আমূল পরিবর্তন। এই আন্দোলনে সাধারণ মানুষ জীবন দিলেও এর সুফল এখন রাজনৈতিক দলগুলো ভোগ করছে। তিনি দাবি করেন, পুলিশ হত্যার বিচারের আগে জুলাই বিপ্লবের সম্মুখযোদ্ধা এবং আহতদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
আদালত ও বিচার প্রক্রিয়া নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে অপসারণ করার ফলে বিচার প্রক্রিয়া কতটা স্বচ্ছ ও সুষ্ঠু হবে, তা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। একইসঙ্গে বর্তমান সরকার বড় বড় ঋণখেলাপিদের পুনর্বাসন করছে বলেও তিনি অভিযোগ করেন।
অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নাহিদ ইসলাম তাঁর বক্তব্যে নতুন প্রজন্মকে স্বৈরাচারী ব্যবস্থার স্থায়ী অবসান ও একটি গণতান্ত্রিক সংবিধান নিশ্চিত করার লড়াইয়ে সজাগ থাকার আহ্বান জানান।
মানবকণ্ঠ/ডিআর




Comments