বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবরণ ও আত্মত্যাগের কথা স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তাঁর কন্যা জান্নাতুল এলমি সূচনা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ফেসবুক পেজ থেকে দেওয়া ওই পোস্টে তিনি তাঁর বাবার বর্ণাঢ্য কিন্তু কণ্টকাকীর্ণ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
সূচনা তাঁর পোস্টে উল্লেখ করেন, সত্যের পক্ষে অনড় থাকায় বিগত সরকারের আমলে তাঁর বাবাকে রেকর্ডসংখ্যক মামলা ও হয়রানির শিকার হতে হয়েছে। তিনি লেখেন, “বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ রাজনৈতিক মামলা যে ‘ছয় ফুট সাহসের’ নামে, তিনি হাবিব উন নবী খান সোহেল। মামলার সংখ্যা দেখলেই বোঝা যায়, আপোসের ছায়া ঘেঁষেও কোনোদিন হাঁটেননি বাবা।”
বাবার দীর্ঘ প্রবাস ও কারাজীবনের বর্ণনা দিয়ে তিনি লেখেন, “এত লম্বা বড়সড় মানুষটা কীভাবে মৃত্যুর ঝুঁকি নিয়ে পলাতক থেকে এবং কারাগারের বদ্ধ ফাঁসির সেলে রাত পার করে মধ্যবয়সের সিংহভাগ শেষ করেছেন, সে কথা ওপরওয়ালা জানেন। ১৭ বছরে ১৭ দিনও আমরা তাঁকে শান্তিপূর্ণভাবে কাছে পাইনি।”
পরিবারের ত্যাগের কথা তুলে ধরে সূচনা আরও লেখেন, “আমার ছোট বোনটি একা মায়ের স্নেহে বড় হয়েছে। মা নিজের চোখের পানি মুছে প্রতি সকালে অফিসে যেতেন এবং আমাদের সাহস দিতেন। সত্যি বলতে, যিনি রাজনীতির জন্য ত্যাগ করেন, তাঁর পরিবারও সেই ত্যাগের অংশীদার হয়। আমরা আমাদের প্রতিটি চোখের পানির গল্প আর শেকড়ের ইতিহাস কোনোদিন ভুলব না।”
বাবার অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “বাবাকে ভালোবেসে যারা তাঁর জন্য দোয়া করেন, তাঁরা সবাই অন্তরের গভীরে এক একজন লৌহমানব।” একইসাথে তিনি মামলা-হামলা ও নির্যাতনের শিকার জাতীয়তাবাদের সকল যোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments