Image description

বহু জল্পনা ও অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বিয়ের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এসেই ভক্তদের উচ্ছ্বাসে ভাসিয়েছেন এই নবদম্পতি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) উদয়পুর বিমানবন্দরে একে অপরের হাত শক্ত করে ধরে হাঁটতে দেখা যায় তাদের, যা মুহূর্তেই ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

বিমানবন্দরে গাড়ি থেকে নামার পর থেকেই বিজয় ও রাশমিকার চোখেমুখে ছিল নতুন জীবনের আনন্দ আর একে অপরের প্রতি গভীর ভালোবাসার ছাপ। সেখানে অপেক্ষারত আলোকচিত্রীরা নবদম্পতিকে অভিনন্দন জানালে, দুজনেই হাসিমুখে হাতজোড় করে সবার শুভেচ্ছার জবাব দেন এবং ভক্তদের প্রতি বিনম্র ভালোবাসা প্রকাশ করেন।

বিয়ের পরের দিন এই জুটির সাজপোশাকেও ছিল স্নিগ্ধতা ও উৎসবের ছোঁয়া। রাশমিকার পরনে ছিল সোনালি কাজের নজরকাড়া গাঢ় লাল রঙের আনারকলি। অন্যদিকে বিজয় পরেছিলেন হালকা আকাশি রঙের একটি আরামদায়ক টু-পিস কো-অর্ড সেট।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উদয়পুরের পাহাড়ঘেরা এক বিলাসবহুল রিসোর্টে নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধেন ‘গীতা গোবিন্দম’ খ্যাত এই তারকা জুটি। তেলুগু ও কোডাভা—এই দুই রীতি মেনেই তাদের বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

পর্দার দারুণ রসায়ন থেকে বাস্তব জীবনের এই সফল পরিণতি—সব মিলিয়ে বিজয়-রাশমিকা দম্পতির এই নতুন পথচলা অনুরাগীদের মনে এক বিশেষ জায়গা করে নিয়েছে।

মানবকণ্ঠ/আরআই