রূপগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ পরিবারের স্বপ্ন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভোলাবো গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আগুনে ওই পরিবারগুলোর অন্তত ছয় লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার পৌনে ৭টার দিকে ভোলাবো গ্রামের আব্দুস সাত্তার মিয়ার বাড়িতে বৈদ্যুতিক স্পার্ক থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা আশপাশের আরও তিনটি ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুনের তীব্রতা বেশি থাকায় তা সম্ভব হয়নি। চোখের সামনেই পুড়ে যায় দুটি কাঁচা ও দুটি আধা-পাকা ঘর।
খবর পেয়ে কাঞ্চন নদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার আপ্রাণ চেষ্টায় রাত ৮টার পর তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, সংরক্ষিত শস্য ও অন্যান্য গৃহস্থালি সরঞ্জামসহ সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে কাঞ্চন নদী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মাহফুজার রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় ছয় লাখ টাকার আর্থিক ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আশপাশের আরও প্রায় ১০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। এই ঘটনায় সৌভাগ্যবশত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মানবকণ্ঠ/আরআই




Comments