রাজশাহীর রাজশাহী জেলার চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নে মাহফিলের প্রধান অতিথি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের বিরোধের জেরে এক নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এরশাদ আলী (৬৫) স্থানীয় ইউসুফপুর ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। তিনি আবু সাঈদ চাঁদ–এর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজের পর একটি মাহফিল আয়োজনকে ঘিরে মসজিদে আলোচনা হয়। এক পক্ষ জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান অতিথি করার প্রস্তাব দেন। অন্যদিকে এরশাদ আলীসহ আরেক পক্ষ স্থানীয় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদকে প্রধান অতিথি করতে চান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হলে আলোচনা ভেস্তে যায়।
এর আগে প্রায় আড়াই মাস আগে একই বিষয়কে কেন্দ্র করে বিরোধের জেরে মাহফিল স্থগিত হয়েছিল। সে সময় সংঘর্ষে চারজন আহত হন এবং একটি মামলাও দায়ের করা হয়।
নিহতের পরিবার জানায়, রাত ৯টার দিকে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে এরশাদ আলীর পথরোধ করে প্রতিপক্ষের কয়েকজন। পরে গাছের ডাল ও লাঠি দিয়ে তাকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাড়িতে নেওয়া হয়।
চারঘাট থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং মরদেহের ময়নাতদন্ত করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেন, এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
মানবকণ্ঠ/আরআই




Comments