হামজা চৌধুরী, সামিত সোম ও কিউবা মিচেলদের মতো প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল যেন নতুন প্রাণ পেয়েছে। সাম্প্রতিক সময়ে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের দুর্দান্ত পারফরম্যান্স ও উন্নতি এবার নজর কেড়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফারও।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’-এর অফিসিয়াল পেজ থেকে বাংলাদেশ দলকে নিয়ে একটি পোস্ট করা হয়েছে। সেখানে বাংলাদেশ ফুটবল দলের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, "দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি?" সাথে জুড়ে দেওয়া হয়েছে বাংলাদেশের পতাকার ইমোজি। ফিফা সরাসরি পরাশক্তির তকমা না দিলেও, তাদের এই প্রশ্ন ছুঁড়ে দেওয়াটা দেশের ফুটবল ভক্তদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
উল্লেখ্য, এএফসি এশিয়ান কাপে খেলার সুযোগ না পেলেও দীর্ঘ ২২ বছর পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রবাসী ও দেশি খেলোয়াড়দের দারুণ এই সমন্বয়ে বাংলাদেশ যেন আগামী দিনে দক্ষিণ এশিয়ার ফুটবলে রাজত্ব করার জোর প্রস্তুতি নিচ্ছে।
এদিকে, ফিফার ওই পোস্টে ফুটবলপ্রেমীদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও বেশিরভাগই প্রবল উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই স্বপ্ন দেখছেন হারানো গৌরব ফিরিয়ে আনার। মন্তব্যকারীদের একজন মোহাম্মদউল্লাহ নরেন লিখেছেন, "এখন তো শুধু দক্ষিণ এশিয়ার পরাশক্তি। কিছুদিন পর এশিয়ার পরাশক্তি হব। আর একটা সময় ফুটবল বিশ্বের পরাশক্তি হব, ইনশাআল্লাহ।"
মানবকণ্ঠ/আরআই




Comments