Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে একটি গঠনমূলক বিরোধী দল হিসেবে নিজেদের দায়িত্ব পালন করতে চায়। আর সেই তাগিদ থেকেই বুকে কষ্ট নিয়ে হলেও নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে দলটি। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিলেট মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, "জামায়াত কখনো সরকারের ‘অনুগত’ বা আজ্ঞাবহ বিরোধী দল হবে না। সরকার ভালো কাজ করলে আমরা অবশ্যই সাধুবাদ জানাব, কিন্তু কোনো অন্যায় হলে তার তীব্র প্রতিবাদ করা হবে; প্রয়োজনে তা রুখে দেওয়া হবে।"

দেশের উন্নয়নে সরকারের প্রতি মিলেমিশে কাজ করার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, "সরকার যদি বিরোধী দল দমনের পথ পরিহার করে দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধে কঠোর হয়, তবে আগামী পাঁচ বছরেই এই দেশ বদলে যাবে।"

একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, সরকার যদি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ হয়, তবে এর চরম খেসারত দেশের প্রায় ১৮ কোটি মানুষকেই দিতে হবে।

সিলেটে আয়োজিত এই ইফতার মাহফিলে ১১ দলীয় জোট ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

মানবকণ্ঠ/আরআই