Image description

আগামী ১২ মার্চ শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের ঐতিহাসিক প্রথম অধিবেশন। এই অধিবেশনেই নির্বাচিত হবেন সংসদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। রাজনৈতিক সমঝোতা ও ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর প্রস্তাব অনুযায়ী, এবার সরকারি দল (বিএনপি) থেকে স্পিকার এবং প্রধান বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংসদীয় গণতন্ত্রকে সুসংহত করতে এবং রাষ্ট্রব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে বিরোধী দলকে সংসদ পরিচালনায় অংশগ্রহণের সুযোগ দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে তারা বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদের প্রস্তাব দিয়েছেন।

জামায়াত ও রাজনৈতিক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডেপুটি স্পিকার পদে এখন পর্যন্ত ৫ জনের নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামীর ৪ জন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ জন রয়েছেন।

জামায়াতের আলোচনায় থাকা ৪ প্রার্থী:

১. নাজিবুর রহমান মোমেন (পাবনা-১): আলোচনায় এখন পর্যন্ত তাঁর নামই সবচেয়ে এগিয়ে রয়েছে।
২. ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (ঢাকা-১৪): জামায়াতের তরুণ ও আইনি মেধা সম্পন্ন এই সংসদ সদস্যের নাম গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে।
৩. ব্যারিস্টার মাহবুব সালেহী (কুড়িগ্রাম-৩): তিনিও দলের সম্ভাব্য তালিকায় রয়েছেন।
৪. মাসুদ সাঈদী (পিরোজপুর-১): পিরোজপুর থেকে নির্বাচিত এই সংসদ সদস্যও রয়েছেন আলোচনার টেবিলে।

এনসিপির দাবি ও প্রার্থী: অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে দলটির সদস্যসচিব ও রংপুর-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেনের নাম প্রস্তাব করা হয়েছে। এনসিপির শীর্ষ নেতৃত্ব মনে করেন, জোটের পক্ষ থেকে ডেপুটি স্পিকার পদটি এনসিপিকে দেওয়া উচিত এবং এ বিষয়ে তারা জামায়াতে ইসলামীকে মৌখিকভাবে অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, “বিএনপি আমাদের এই পদের প্রস্তাব দিয়েছে এবং জুলাই সনদেও বিষয়টি উল্লেখ আছে। তবে আমাদের দলীয় ফোরামে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচনের দিনই এই ডেপুটি স্পিকার পদের বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।

মানবকণ্ঠ/আরআই