Image description

হবিগঞ্জের মাধবপুরে র‍্যাব-৯-এর এক অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মো. আব্দুল্লাহ (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) রাত ১টার দিকে উপজেলার জগদীশপুর ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জগদীশপুর ইউনিয়নের সায়হাম মাল্টি ফাইবার টেক্সটাইল মিল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে মো. আব্দুল্লাহকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আব্দুল্লাহ মাধবপুর উপজেলার মির্জাপুর গ্রামের মো. ইমাম হোসেনের ছেলে।

র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত যুবককে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এ ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

মানবকণ্ঠ/ডিআর