Image description

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) সংসদীয় আসনের সীমানা জটিলতা নিয়ে সৃষ্ট আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া ম ম সিদ্দিক মিঞা (৫৭)  নামে এক আওয়ামী লীগ নেতা জামিনে মুক্তি পেয়েছেন। দীর্ঘ ১৭৫ দিনের কারাবাস থেকে মুক্তির পর জেলগেটেই তাঁকে বরণ করে নিয়েছেন আসনটিতে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

জানা যায়, রোববার (৮ মার্চ) দুপুরে ফরিদপুর জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি। এরপরেই জেলগেটে গলায় ফুলের মালা পরিয়ে বরণ করে নেন শহিদুল ইসলাম বাবুল। জেল থেকে মুক্তি পাওয়া সিদ্দিক মিঞা ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে রয়েছেন এবং আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

এ ছাড়া তিনি ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) সংসদীয় আসনে কেটে নেওয়ার প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ছিলেন।

এ নিয়ে এলাকাবাসীর আন্দোলনের একপর্যায়ে গত বছরের ১৩ সেপ্টেম্বর দিবাগত রাতে তাঁকে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ আটক করে। পরে পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

কারামুক্তির পরে ইউপি চেয়ারম্যান ম ম সিদ্দিক মিঞা বলেন, ‘আমার জেলমুক্তির জন্য নবনির্বাচিত এমপি শহিদুল ইসলাম বাবুলের প্রতি আমি কৃতজ্ঞ।’

অন্যদিকে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা কথা দিয়েছিলাম ভাঙ্গার ইউনিয়ন রক্ষার আন্দোলনে গ্রেপ্তারকৃত আলগী ইউনিয়নের চেয়ারম্যানসহ সবাইকে আইনি লড়াইয়ের মাধ্যমে মুক্ত করব। আলহামদুলিল্লাহ আজকে সিদ্দিক চেয়ারম্যান মুক্ত হলো। এই মামলায় বাকিদেরও দ্রুত আইনিপ্রক্রিয়া মুক্ত করা হবে।’