আসিফ মাহমুদের বিরুদ্ধে মামলাচেষ্টা সুপরিকল্পিত রাজনৈতিক আঘাত: নাহিদ ইসলাম
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে মামলার চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। এই ঘটনাকে তিনি জুলাই বিপ্লবের চেতনার ওপর একটি 'সুপরিকল্পিত রাজনৈতিক আঘাত' হিসেবে অভিহিত করেছেন।
শুক্রবার (১৩ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এই প্রতিক্রিয়া জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, আসিফ মাহমুদকে প্রধান আসামি করে জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে অভ্যুত্থানকালীন ভূমিকার জন্য মামলা দায়েরের অপচেষ্টা করা হয়েছে। তবে আদালত মামলাটি গ্রহণ করেনি। গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে এমন অপচেষ্টাকে উদ্বেগজনক ও অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম আরও লেখেন, "আমরা মনে করি, এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে বিচ্ছিন্ন পদক্ষেপ নয়; বরং জুলাই বিপ্লবের চেতনা, ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম ও সেই সংগ্রামের তরুণ নেতৃত্বের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত রাজনৈতিক আঘাত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ দেশের তরুণ প্রজন্মের সাম্য, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও গণতন্ত্রের প্রতীক।"
তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ছাত্রদের বিরুদ্ধে এমন হয়রানিমূলক মামলার অপচেষ্টা প্রমাণ করে যে, ৫ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত। তবে মামলা কিংবা ভয়ভীতির মাধ্যমে এই নেতৃত্বকে দমন করা যাবে না। অতীতেও এই অপশক্তি ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও ব্যর্থ হবে।
সবশেষে তিনি সরকার ও সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের অপচেষ্টা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং পরাজিত অপশক্তিকে রুখতে আইনি ব্যবস্থা নিতে হবে। যেকোনো ধরনের ফ্যাসিবাদী অপতৎপরতা প্রতিহত করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments