সিটি করপোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার গণতান্ত্রিক ধারাবাহিকতার ওপর আঘাত করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি অভিযোগ করেছেন, এ ধরনের নিয়োগ জনগণের মতামত এবং জুলাই বিপ্লবের চেতনার (জুলাই স্পিরিট) প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবদুল হালিম বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে সরকার গণতন্ত্রের পথ রুদ্ধ করছে। এ ধরনের কর্মকাণ্ড জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন নয় এবং দেশবাসী সরকারের এই অগণতান্ত্রিক অবস্থানকে কোনোভাবেই ভালোভাবে নেবে না।
তিনি আরও বলেন, শুধু স্থানীয় সরকারই নয়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি), ইউজিসি চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পদগুলোতেও দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে। এ ধরনের দলীয়করণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও সক্ষমতাকে ধ্বংস করবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে জামায়াতের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা অবিলম্বে সব ক্ষেত্রে মেধা ও নিরপেক্ষতাকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র সংস্কারের দাবি জানান।
মানবকণ্ঠ/ডিআর




Comments