স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ফেসবুক পোস্ট করে বরখাস্ত বিশ্ববিদ্যালয় কর্মকর্তা
স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর পোস্ট শেয়ার করার অভিযোগে মুহাম্মদ ইউনুস নামের বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
মুহাম্মদ ইউনুস কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (সিবিআইইউ) এর সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক। সাময়িক বরখাস্তের সাথে ৭ দিনের মধ্যে ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস।
মঙ্গলবার (১৭ মার্চ) জারিকৃত এই সংক্রান্ত অফিস আদেশে উল্লেখ আছে, সম্প্রতি আপনার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক/অন্যান্য) প্রোফাইল থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করেছেন বলে পরিলক্ষিত হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আচরণবিধি ও শৃঙ্খলা পরিপন্থি। একজন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের উস্কানিমূলক বা আপত্তিকর রাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়া প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।
কর্তৃপক্ষের আদেশক্রমে আপনাকে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
এমতাবস্থায়, কেন আপনার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার লিখিত ব্যাখ্যা আগামী ৭ কার্যদিবসের মধ্য রেজিস্ট্রারের দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।




Comments