Image description

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের নতুন ভবনের পঞ্চম তলায় মেডিসিন ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও সরাসরি হতাহতের খবর প্রকাশ করা হয়নি। স্বজনদের দাবি, রোগীদের স্থানান্তরের সময় অক্সিজেন সংকটের কারণে দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন; পটুয়াখালী সদর উপজেলার বদরপুর এলাকার বাসিন্দা কাজী আতাউর রহমান (৮০) ও বরিশাল সদরের বারৈজ্যের হাটখোলা এলাকার আবুল হোসেন (৬৭)।

মঙ্গলবার (১৭ মার্চ ) রাত ১১টার দিকে ওয়ার্ডের এক কোণায় রাখা ফোম, বেডশিট ও বালিশে আগুন লাগে। আতঙ্কে রোগী, স্বজন ও হাসপাতালের স্টাফরা দ্রুত রোগীদের বাইরে সরিয়ে নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নেভাতে গিয়ে চার আনসার সদস্যসহ অন্তত ছয়জন অসুস্থ হন বলে জানা গেছে।

নিহত কাজী আতাউর রহমানের ছেলের বউ জানিয়েছেন, ভবনের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের সময় তার শ্বশুর কাজী আতাউর রহমান চতুর্থ তলায় ভর্তি ছিলেন। তার ইনহেলার ও অক্সিজেন প্রয়োজন হয় সর্বক্ষণ। কিন্তু অগ্নিকাণ্ডের সময় তাকে অক্সিজেন ছাড়া নিচে নামানো হলে কিছুক্ষণ পরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। 

আতাউর রহমানের স্বজনরা জানান, অক্সিজেনের জন্য হাসপাতাল কম্পাউন্ডে থাকা একটি বেসরকারি অ্যাম্বুলেন্স চালকের কাছে থাকা অক্সিজেন চাইলেও তিনি দেননি, ফলে সময়মতো অক্সিজেনের অভাবে কাজী আতাউর রহমানের মৃত্যু হয়।

অপরদিকে নিহত আবুল হোসেনের ছেলে জানান, তার বাবা অসুস্থ হয়ে গত কয়েকদিন ধরে হাসপাতালে ছিলেন, রাতের বেলা মা ও বোনকে বাবার কাছে রেখে বাড়িতে যান। আগুন লাগার খবরে ৩০ মিনিটের মধ্যে হাসপাতালে এসে বাবাকে মৃত্যু অবস্থায় দেখতে পাই।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রায় ১০০ রোগীকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এবং ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।