Image description

কুমিল্লার পদুয়ার বাজারে ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন এবং ফেনীতে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রোববার (২২ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শোক প্রকাশ করেন। একই সঙ্গে তিনি দেশের সড়ক ও রেলপথের নিরাপত্তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

image

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, ‘কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন এবং ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও ৩ জনের মর্মান্তিক প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারগুলোর শোক কখনোই পূরণ হবার নয়। আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

দুর্ঘটনার কারণ ও অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে জামায়াত আমির আরও বলেন, ‘এই মর্মান্তিক ঘটনাগুলো আবারও প্রমাণ করে—দেশের পরিবহন ব্যবস্থা, সড়ক ও রেলপথের নিরাপত্তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলতার ঘাটতি কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনছে। এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।’

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানিয়ে বলেন, ‘দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনুন এবং ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা গ্রহণ করুন।’

সবশেষে তিনি মহান আল্লাহর নিকট নিহতদের জন্য ‘শহীদের মর্যাদা’ এবং তাদের শোকাতুর পরিবারের জন্য ধৈর্য কামনা করেন।

মানবকণ্ঠ/ডিআর