দেশে বর্তমানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা অনেক বেড়েছে এবং মানুষ এখন গুম বা খুনের আতঙ্ক ছাড়াই নির্ভয়ে নিজের মতামত প্রকাশ করতে পারছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (২২ মার্চ) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, "বর্তমানে দেশে কথা বলার জন্য কাউকে গুম বা খুনের শিকার হতে হচ্ছে না। মানুষ অন্তত নির্ভয়ে কথা বলতে পারছে। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ একটি নতুন পথচলার দিকে এগিয়ে যাচ্ছে। তিনি জাতিকে যে নতুন স্বপ্নের দিশা দেখিয়েছেন, তা বাস্তবায়নে কিছুটা সময় লাগলেও দেশ ধীরে ধীরে সমৃদ্ধির পথে অগ্রসর হচ্ছে।"
নতুন এই গণতান্ত্রিক যাত্রাকে সফল করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে রিজভী বলেন, "যারা বর্তমান পরিস্থিতি নিয়ে অপপ্রচার ও কুৎসা রটনা করছে, শেষ পর্যন্ত তাদের গায়েই ফ্যাসিবাদের তকমা লেগে যাবে। কারণ এখন সমালোচনা করলেও কাউকে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হতে হচ্ছে না।"
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে রিজভী বলেন, "২৬ মার্চ শুধু একটি ক্যালেন্ডারের তারিখ নয়, এটি বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের এক অনন্য ইতিহাস। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দিশেহারা জাতিকে পথ দেখিয়েছিলেন। বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের জাতীয় গৌরব।"
বিগত শাসনব্যবস্থার কঠোর সমালোচনা করে তিনি বলেন, "আগে মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। গুম ও খুনের মাধ্যমে এক ধরনের বিভীষিকাময় পরিবেশ তৈরি করা হয়েছিল। সেই অন্ধকার সময় কাটিয়ে দেশ এখন আলোর পথে। মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে ব্যক্তিগত ত্যাগ স্বীকার করেছেন, তা জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments