স্থানীয় নির্বাচন দ্রুত দিন, প্রশাসক নয় জনপ্রতিনিধি চাই: বিরোধীদলীয় নেতা
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, প্রশাসক নয়-জনপ্রতিনিধিই চান জনগণ। তিনি সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগের সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, প্রশাসকদের জবাবদিহিতা নেই, কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধিদের জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে।
ঈদের তৃতীয় দিন সোমবার (২৩ মার্চ) নিজ জন্মভূমি কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের তুলাপুরে স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ডা. শফিকুর রহমান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের অপেক্ষায় আছি। বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংসদে আমাদের অগ্রণী ভূমিকা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, ঈদে যাত্রীরা টিকেট কিনতে গিয়ে অব্যবস্থাপনা, দুর্নীতি ও চাঁদাবাজির শিকার হয়েছেন, যা সাধারণ মানুষের আনন্দ মাটি করে দিয়েছে। সরকারের উদ্দেশে তিনি বলেন, জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন শেষ হয়েছে, কিছু অনিয়ম হলেও তারা মেনে নিয়েছেন, তবে দেশকে অচল অবস্থায় রাখা যাবে না। “সঠিক পথে না ফিরলে জনগণ তা মেনে নেবে না,”-যোগ করেন তিনি।
এছাড়া তিনি জানান, বিরোধীদলীয় নেতা হিসেবে পাওয়া সরকারি বাড়ি তিনি ব্যক্তিগতভাবে ব্যবহার করবেন না, বরং রাষ্ট্রীয় প্রয়োজনে ব্যবহার করবেন এবং সরকারি গাড়িও ব্যবহার করবেন না।
স্থানীয় সফরকালে তিনি গ্রামের কবরস্থানে জিয়ারত করেন এবং স্থানীয়দের সঙ্গে একসঙ্গে দুপুরের খাবার গ্রহণ করেন। এ সময় জামায়াতের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডা. শফিকুর রহমান কুলাউড়া আগমনে প্রশাসনের পক্ষ থেকে তাকে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিন ও থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান।




Comments