Image description

গণভোটের রায় কার্যকর এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে আগামী শনিবার (৪ এপ্রিল) রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে জোটের এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।

সংবাদ সম্মেলনে তিনি সরকারের তীব্র সমালোচনা করে বলেন, বর্তমান সরকার সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে। জনস্বার্থ রক্ষায় রাজপথের আন্দোলন ছাড়া ১১ দলের সামনে আর কোনো বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

হামিদুর রহমান আজাদ সংবিধানের বিষয়ে জোটের অবস্থান স্পষ্ট করে বলেন, “সংবিধান সংশোধন নয়, বরং আমূল সংস্কার করতে হবে। সরকার সংবিধান সংশোধনের মাধ্যমে মূলত আওয়ামী লীগের দেখানো পথেই হাঁটছে। জনগণের রায়কে মূল্যায়ন না করলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

জোটের পক্ষ থেকে জানানো হয়, আগামী শনিবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া সংসদে সরকারি দলের মুলতবি প্রস্তাব উত্থাপন এবং চলমান জ্বালানি সংকট সমাধানে সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করা হয় বৈঠকে।

সমন্বয়ক আরও হুঁশিয়ারি দেন যে, গণভোটের রায় বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আগামী ৭ এপ্রিল পুনরায় বৈঠক করে দীর্ঘমেয়াদি আন্দোলনের চূড়ান্ত রূপরেখা ঘোষণা করবে ১১ দলীয় ঐক্য জোট।

মানবকণ্ঠ/আরআই