মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাসের দাবি জানিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা সাইদ উদ্দিন আহমদ হানজালা। একই সঙ্গে যারা মুহাম্মদ (সা.)-কে শেষ নবী হিসেবে স্বীকার করে না, তাদের রাষ্ট্রীয়ভাবে ‘অমুসলিম’ ঘোষণা করার জন্য সংসদের প্রতি আহ্বান জানান তিনি।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব দাবি তোলেন।
বক্তৃতার শুরুতে এমপি হানজালা তাঁর নির্বাচনী এলাকা শিবচরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা আজিজুল হক এবং বর্তমান প্রধান মামুনুল হকের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।
ধর্মীয় অনুভূতির প্রসঙ্গ টেনে হানজালা বলেন, "বাংলাদেশের কোটি কোটি ওলামায়ে কেরাম আমাদের দিকে তাকিয়ে আছেন। আমরা দেশ ও জাতির কণ্ঠ হয়ে সংসদে কথা বলতে এসেছি। এ দেশের মানুষ নামাজ না পড়লেও নবীকে নিয়ে কোনো কটূক্তি সহ্য করে না। কেউ অবমাননা করলে মানুষের কলিজা ছিঁড়ে যায়। তাই যারা নবীকে নিয়ে গালিগালাজ বা কটূক্তি করে, তাদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস করা উচিত।"
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আপনি ইতিহাস রচনা করে যান। যারা শেষ নবীকে অস্বীকার করে, তারা কোনোদিন মুসলমান থাকতে পারে না। আইনি প্রক্রিয়ার মাধ্যমে এ পার্লামেন্ট থেকে তাদের অমুসলিম ঘোষণার দাবি জানাই।"
বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, বিরোধী দল মানেই শুধু বিরোধিতা করা নয়। সরকার ভালো কাজ করলে প্রশংসা করা হবে এবং ভুল করলে তার প্রতিবাদ জানানো হবে।
আলোচনায় তিনি শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করে বলেন, ন্যায়ের পক্ষে কথা বলা এক যুবকের স্বপ্ন থামিয়ে দেওয়া হয়েছে। এই বিচার না হলে আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত হবে না।
এছাড়া নিজ এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে এমপি হানজালা বলেন, মাদক কারবারিরা তিন-চার দিনের মধ্যে জামিন পেয়ে আবার ব্যবসায় লিপ্ত হচ্ছে। তিনি ইয়াবা ও গাঁজার মতো মাদকের বিরুদ্ধে আইন আরও কঠোর করার জন্য আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
মানবকণ্ঠ/আরআই




Comments