Image description

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের সময় সংসদের ট্রেজারি বেঞ্চ থেকে ‘অগ্রহণযোগ্য অঙ্গভঙ্গির’ ঘটনায় নিন্দা জানিয়েছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। রোববার জ্বালানি তেল নিয়ে সরকারের সমালোচনা করে রুমিন ফারহানা বক্তব্য দেওয়ার সময় ‘অগ্রহণযোগ্য অঙ্গভঙ্গি’ করা হয় বলে অভিযোগ করেন জামায়াত আমির।

এ সময় সংসদে হট্টগোল শুরু হলে সকলকে শান্ত হতে বলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

জামায়াত আমির বলেন, ‘এই সংসদে যাঁরা নির্বাচিত হয়ে এসেছেন, জনগণের ভোট, ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে এসেছেন। আমরা সকল সদস্যের প্রতি শ্রদ্ধা নিয়ে বলব, কোনো সংসদ সদস্য যখন দাঁড়িয়ে কথা বলবেন, তা নিয়ন্ত্রণ অথবা অ্যালাউ করার এখতিয়ার স্পিকারের। একজন স্বতন্ত্র সংসদ সদস্য, তিনি যখন কথা বলছিলেন দুঃখজনকভাবে ট্রেজারি বেঞ্চ থেকে সম্মানিত কিছু সদস্য এমন কিছু অঙ্গভঙ্গি করেছেন যা আমার বিবেকে আঘাত লেগেছে। আমি এটা আশা করি না।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘একবার-দুইবার নয়, পাঁচবার নির্বাচিত হয়েছেন এমন ব্যক্তিরাও এ কাজটা করেছেন। আমি তাঁদের নাম নিয়ে নিজে লজ্জিত হতে চাই না। আমরা প্রথম দিনই বলেছি, ভালো কিছুর চর্চা হোক সংসদে। আমরা শিখতে চাই। দুইবারই লক্ষ করলাম, ট্রেজারি বেঞ্চ-যাদের আপনাকে সবচেয়ে বেশি সহযোগিতা করার কথা তারাই-আপনি মাইক দেননি তারপরও সংসদে কী হচ্ছে বুঝতে পারছি না। রুমিন ফারহানার বক্তব্যের সময় যা হয়েছে তা একেবারেই অগ্রহণযোগ্য।’