Image description

জুলাই শহীদদের সঙ্গে যারা প্রতারণা করবে, তারা ধুলোর সাথে মিশে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, ‘যারা শহীদদের সঙ্গে গাদ্দারি করবে, যারা শহীদদের সঙ্গে প্রতারণা করবে, তারা ধুলোর সঙ্গে মিশে যাবে।’

শুক্রবার (২৪ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত গণভোটের রায় বাস্তবায়ন করার দাবিতে গণসমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপির উদ্দেশ্যে সাদিক কায়েম বলেন, ‘আজকে জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি। নির্বাচনের পর যে সরকার এসেছে, তারা আজ জুলাইকে অস্বীকার করছে। আমরা সেই দলের ইতিহাসে বারবার দেখেছি- তারা এই জাতির সাথে প্রতারণা করেছে।’

তিনি আরও বলেন, ‘১৯৭৫-এর বিপ্লবের ফসল তারা নিজেরা ভোগ করেছে, বিপ্লবীদের সাথে প্রতারণা করেছে। ১৯৯০-এর গণঅভ্যুত্থানের পরও তারা বিপ্লবীদের সাথে প্রতারণা করেছে। ২৪শে জুলাইয়ের বিপ্লব- সেই বিপ্লবের বিপ্লবীদের সাথেও, তাদের আকাঙ্ক্ষার সাথেও আমরা তাদের প্রতারণা করতে দেখেছি।’

বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে সাদিক কায়েম বলেন, ‘আমরা সাবধান করছি, আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি- যে জমিনে শহীদদের রক্ত ঝরেছে, সেই জমিনে ইনসাফ কায়েম হবেই, ইনশাআল্লাহ। আর যারা শহীদদের সাথে গাদ্দারি করবে, যারা শহীদদের সাথে প্রতারণা করবে, তারা ধুলার সাথে মিশে যাবে।’

ডাকসুর ভিপি ছাত্রদলের উদ্দেশ্যে বলেন, ‘ওই দল আজ পাগল হয়ে গেছে। আজ বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে তারা আবার সন্ত্রাস কায়েম করতে চায়। তারা আবার গেস্টরুম ও গণরুম কালচার ফিরিয়ে আনতে চায়। তারা আবার অস্ত্রের ঝনঝনানির মাধ্যমে শিক্ষার্থীদের আতঙ্কিত করে তাদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। প্রকাশ্যে রাজনীতির নামে তারা রামদা-চাপাতি নিয়ে ঝাঁপিয়ে পড়ে আমার শিক্ষার্থী ভাই-বোনদের উপর, কুপিয়ে তাদের রাজনীতি কায়েম করতে চায়।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি যদি মনে করেন ক্ষমতায় এসে যা ইচ্ছে তাই করবেন- জুলাই সনদ বাতিল করবেন, গণভোট অস্বীকার করবেন, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করবেন, গণপ্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাতিল করবেন এবং এর মাধ্যমে আপনি আরেকজন হাসিনা হয়ে উঠবেন- তাহলে আমরা স্পষ্ট করে বলতে চাই, এই স্বাধীন বাংলাদেশে আপনাদের এই ফ্যাসিবাদ কায়েম হতে দেওয়া হবে না।’

মানবকণ্ঠ/আরআই