নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রার্থীদের পূর্ণাঙ্গ বাসার ঠিকানা প্রকাশ করায় নিজের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতু। ব্যক্তিগত তথ্য এভাবে উন্মুক্ত করে দেওয়ায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
শুক্রবার (১ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই আশঙ্কার কথা জানান।
ফেসবুক পোস্টে এমপি মিতু লেখেন, একজন প্রার্থীর বাসার পূর্ণ ঠিকানা এভাবে জনসমক্ষে প্রকাশ করা কতটা যৌক্তিক? তিনি জানান, সম্প্রতি ইসির ওয়েবসাইটে দেওয়া ঠিকানা দেখে এক ব্যক্তি সরাসরি তার বাসার নিচে চলে আসেন। ইতিপূর্বে মনোনয়ন নেওয়ার সময়ও তিনি বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছিলেন, তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় এটি নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম্যাট।
নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি লেখেন, ‘বাসায় আমার সন্তান ও মা আছেন। আমি অধিকাংশ সময় বাইরে থাকি। ২০ থেকে ২৫ বার আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ অবস্থায় আমার ব্যক্তিগত ঠিকানা এভাবে প্রকাশিত হওয়ায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’
গত রাতের এক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘রাত ১১টা-১২টার দিকে বাসায় ফেরার সময় দেখি দুজন মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। হয়তো তারা অন্য কোনো কারণে ছিল, কিন্তু আমার মধ্যে মানসিক অস্থিরতা শুরু হয়ে গিয়েছিল। যে দেশে তুচ্ছ কারণে মানুষ খুনের ঘটনা ঘটে, সেখানে ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়টি গুরুত্বের সাথে দেখা উচিত।’
মাহমুদা আলম মিতু অভিযোগ করেন, কোনো দুর্ঘটনা ঘটার পরই কেবল নিয়ম পরিবর্তনের কথা আসে, কিন্তু যার জীবন যায় তার ক্ষতি অপূরণীয়। তাই বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই প্রার্থীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় নির্বাচন কমিশনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার এবং নিয়ম পরিবর্তনের আহ্বান জানান তিনি।
মানবকণ্ঠ/ডিআর




Comments