Image description

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান ভিপি সাদিক কায়েমের প্রার্থিতা নিয়ে বিভিন্ন অনলাইন পোর্টালে ছড়িয়ে পড়া সংবাদের বিষয়ে স্পষ্টীকরণ দিয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। সংগঠন দুটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের এক সম্মেলনে কয়েকজন দায়িত্বশীল মেয়রপ্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম প্রস্তাব করেন। তবে জামায়াতের কেন্দ্রীয় পর্যায় থেকে জানানো হয়েছে, এটি কোনো আনুষ্ঠানিক ঘোষণা নয়।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “সম্মেলনে কেউ পরামর্শ বা প্রস্তাবনা দিতেই পারে, তবে এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়। কেন্দ্রীয় জামায়াতে ইসলামী যাকে অনুমোদন দেবে, আনুষ্ঠানিকভাবে কেবল তার নামই ঘোষণা করা হবে। ঢাকার দুই সিটির জন্যই আমাদের প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে এবং তা খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”

এদিকে, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ এক বিবৃতিতে জানান, শিবিরের যেকোনো পর্যায়ে দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার কোনো সাংগঠনিক সুযোগ নেই। এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার সুযোগ নেই। 

তিনি আরও বলেন, “দায়িত্ব শেষ করে বিদায় নেওয়ার পর কেউ কোনো রাজনৈতিক দলে যুক্ত হলে সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। বর্তমান সেশনের কোনো দায়িত্বশীলকে নিয়ে এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।”

উল্লেখ্য, ডাকসু ভিপি সাদিক কায়েমের প্রার্থিতা নিয়ে অনলাইন মাধ্যমে চাঞ্চল্য তৈরি হলেও জামায়াত ও শিবিরের আনুষ্ঠানিক বক্তব্যে স্পষ্ট যে, বিষয়টি এখনো প্রস্তাবনা পর্যায়েই সীমাবদ্ধ রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর