Image description

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাত দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। 

শনিবার (২ মে) ভোররাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে টোকিওর উদ্দেশে রওনা হন।

দলীয় সূত্রে জানা যায়, সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। সাত দিনের এই সফরে ডা. শফিকুর রহমান জাপানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। আগামী ৯ মে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

গত সংসদ নির্বাচনের পর বিরোধীদলীয় নেতা হিসেবে এটি তার অন্যতম গুরুত্বপূর্ণ বিদেশ সফর। সফরকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
_____
এআর/এমকে