ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গত ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। সেদিন নির্ধারিত সময়ের সামান্য পরে নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দিতে গেলে রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণে অস্বীকৃতি জানান। এরপর নুসরাত এই সিদ্ধান্তের চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন।
আদালত তাঁর মনোনয়নপত্র গ্রহণ এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য ইসিকে নির্দেশ দেন। সেই নির্দেশনার প্রেক্ষিতেই আজ তাঁর মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করা হয়।
এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল করা হয়। রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের চাকরি ছাড়ার তিন বছর পার না হওয়ায় আইন অনুযায়ী এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গত বৃহস্পতিবার সন্ধ্যায় গেজেট প্রকাশ করেছে ইসি। তাঁদের মধ্যে রয়েছেন বিএনপির ৩৬ জন, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১–দলীয় নির্বাচনী ঐক্যের ১২ জন ও স্বতন্ত্র ১ জন।
এখন সংসদ সদস্য হিসেবে শপথের আয়োজন করা হবে। আইনি জটিলতা থাকায় বাকি একটি আসনের প্রার্থিতার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
_____
এআর/এমকে




Comments